নিজস্ব প্রতিবেদক, বড়লেখা ::

মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েতপ্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। এ ঘটনায় প্রতিপক্ষের মো. জমির উদ্দিন (মৃত আব্দুস সবুরের ছেলে) গুরুতর আহত হন। তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, নিহতদের সঙ্গে জমির উদ্দিন গংদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের জমির উদ্দিনও আহত হন।

ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা ও যুক্তরাজ্যপ্রবাসী কবির অভিযোগ করে বলেন, কামাল নামের এক ব্যক্তি তার বাবা ও চাচাকে হত্যা করেছে। তিনি জানান, কামাল একই গ্রামের বাসিন্দা। কামালের রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও পোস্টে তাকে জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচিতে দেখা যায় বলে অভিযোগ ওঠে।

এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নেতারাও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। এখনো কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *