বধূ হয়ে নতুন জীবনে পা রাখবেন, স্বামীর সংসারে ছড়িয়ে দিবেন ভালোবাসার বন্যা। এমনই স্বপ্ন নিয়ে স্বপরিবারে লন্ডন থেকে দেশে আসেন রুকেয়া খাতুন (২৬)। আজ বুধবার (৩০ নভেম্বর) ছিল তার বিয়ে। সকল আয়োজন সম্পন্ন। রঙিন বাতিতে পুরো বাড়ি ঝলমল করছে । যাকে নিয়ে এতো আয়োজন সেই রুকেয়াই আজ নেই। গত সোমবার বাড়ির পুকুরের পানিতে পড়ে মারা যান লন্ডনপ্রবাসী এ তরুণী।

ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরচন্ডি গ্রামে। রুকেয়া চরচন্ডী গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী ছুরাব আলীর মেয়ে।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চার বোন ও এক ভাইয়ের মধ্যে রুকেয়া সবার বড়। চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় তার। সম্প্রতি সপরিবারে যুক্তরাজ্য থেকে দেশে আসেন তিনি। বুধবার ছিল তার বিয়ের অনুষ্ঠান। সোমবার সকালে পুকুরে গোসল করতে গিয়ে মারা যান।

রুকেয়ার চাচা তালেব আহমদ গোলাপ জানান, রুকেয়া ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মায়ের সঙ্গে বাড়ির পুকুর ঘাটে যান রুকেয়া। তখন অসাবধানতাবশত রুকেয়া পুকুরের পানিতে পড়ে যান। এ সময় তাকে পানি থেকে তোলার চেষ্টা করেন মা। তখন রুকেয়ার সঙ্গে তার মাও পানিতে ডুবে যেতে থাকেন।

এদিকে তাদের চিৎকার শুনে দৌড়ে এসে মা ও মেয়েকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন তালেব আহমদ গোলাপ ও তার স্ত্রী। তারা রুকেয়ার মাকে জীবিত উদ্ধার করতে পারলেও ততক্ষণে পানিতে ডুবে যান রুকেয়া। এরপর অচেতন অবস্থায় রুকেয়াকে উদ্ধার করে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *