জকিগঞ্জে প্রেমে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে (১৫) জুসের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে প্রাণে মারার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়।

এর আগে গত ১৯ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে বিষ মিশানো জুস খাওয়ানো হয় ছাত্রীকে। ঘটনাটি জেলার জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন নিহত স্কুলছাত্রীর পিতা।

মামলা সূত্রে জানা গেছে, গণিপুর গ্রামের রশিদ আলীর ছেলে কালন আহমদ (২২) একই গ্রামের জামাল উদ্দিনের স্কুল পড়–য়া কিশোরী মেয়েকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতো। এ বিষয়ে স্কুলছাত্রীর পিতা কালনের অভিভাবকদের কাছে নালিশ করলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে দিন দিন কালনের উত্যক্ততা বেড়ে চলে।

এক পর্যায়ে গত ১৯ জুলাই সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে কালন একটি জুস দিয়ে সেটি পান করতে বলে। মান-ইজ্জতের ভয়ে সে সময় স্কুলছাত্রী সেই জুস পান করে বিদ্যালয়ে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তার শারীরিক অবস্থা খারাপ করলে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে এবং পরিবারের লোকদের বিষয়টি জানায়। অসুস্থ স্কুলছাত্রীর পিতা তাকে নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল এবং সব শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। কিন্তু ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ছাত্রী মৃত্যুবরণ করেন। ময়না তদন্ত শেষে বুধবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় পারিবারিক কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন- স্কুলছাত্রীকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে প্রাণে মারার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবককে আমরা খুঁজছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *